২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুর সংক্রমণ বাড়ার পর মশা নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

ডেঙ্গুর সংক্রমণ বাড়ার পর মশা নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশন

মশা নিধনে বৃহস্পতিবার চট্টগ্রাম নার্সিং কলেজ চত্বরে ১০০ দিনের ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 03:19 PM

Updated : 22 Jun 2023, 03:19 PM

এ বছর চট্টগ্রামে একদিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্তের পরদিনই মশা নিধন অভিযানে নেমেছে সিটি করপেরেশন (সিসিসি)। 

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নার্সিং কলেজ চত্বরে 'ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ১০০ দিনব্যাপী মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম' উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এ বছর জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চট্টগ্রাম জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, চলতি বছর  জেলায় মোট ৩৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ২৫০ জনই নগরীর বাসিন্দা। এর মধ্যে জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন এবং সবশেষ মে মাসে শনাক্ত হন ৫৩ জন।

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বুধবার। এদের নিয়ে চলতি মাসে শনাক্ত হয়েছেন ১৮৮ জন ডেঙ্গু রোগী।

এ বছর ডেঙ্গুতে জেলায় মারা গেছে মোট ৮ জন। তার মধ্যে জানুয়ারিতে ৩ জন মারা যান। বাকিরা মারা গেছেন চলতি মাসে। এদের মধ্যে চারজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ।

শুধু ১১ জুন থেকে শেষ ১১ দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে ২ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। দুজন কক্সবাজারের এবং একজন খাগড়াছড়ি জেলার বাসিন্দা। এ তিনজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, আগের ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩০ জন। মারা গেছেন একজন।

চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ মনে করছে, এ পরিস্থিতি উদ্বেগের। বর্ষা মৌসুমে মশা নিধন সম্ভব না হলে সংক্রমণ আরো বাড়তে পারে বলে তাদের আশঙ্কা।

বৃহস্পতিবার মশা নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি গবেষণাদল গঠন করি। উনাদের বিজ্ঞানভিত্তিক পরামর্শের আলোকে বিমানবাহিনী থেকে আগামী পাঁচ মাসের জন্য মশা নিধনের ওষুধ মজুদ করা হয়েছে।

“আমরা ৫৭ টি হটস্পটসহ ৪১টি ওয়ার্ডে ১০০ দিনব্যাপী ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করব।”

সিসিসির পরিচ্ছন্নতা বিভাগের পাশাপাশি দশ হাজার আরবান ভলান্টিয়ার এবং রেড ক্রিসেন্ট কর্মী এ কর্মসূচিতে কাজ করবেনে বলে জানান তিনি।

মেয়র বলেন, “অনেকে ছাদ বাগান করলেও ফুলের টবসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করেন না আবার কর্মীরা গেলেও পরিষ্কার করতে দেন না। এ অবস্থা প্রতিরোধে প্রয়োজনে ড্রোন কিনে ছাদ পর্যবেক্ষণ করে জরিমানাসহ শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে।”

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, “সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের মৌসুম। বৃষ্টি চলতে থাকলে সংক্রমণ বাড়বে। এজন্য সংক্রমণ কমাতে প্রয়োজন মশা নিধন।”

পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং কোনো জায়গায় পানি যেন না জমে সে বিষয়ে সচেতন থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানান সিভিল সার্জন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, এবছর ডেঙ্গুতে যে কজন রোগী মারা গেছেন তারা সবাই হাসপাতালে একদম শেষ পর্যায়ে ভর্তি হতে এসেছিলেন৷ অথচ অসুস্থতার প্রাথমিক পর্যায়ে ভর্তি হলে হয়তো তাদের বাঁচানো যেত।

“একারণে জনগণের প্রতি আহ্বান আপনারা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তি হোন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন।”

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার সচেতনতার উপর জোর দিয়ে বলেন, “সবাই ঘরের আশপাশে মশা জন্মানোর মতো স্থান থাকলে তা পরিষ্কার করুন।”