২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেইলার চাপায় ট্রাফিক পুলিশের মৃত্যু, গ্রেপ্তার ২

গাড়িটির চালক ও তার সহকারীকে গ্রেপ্তারের পর দুদিন আগের ঘটনাটি প্রকাশ পেয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 04:47 PM

Updated : 27 Jul 2023, 05:28 PM

চট্টগ্রামে ট্রেইলার চাপায় ট্রাফিক পুলিশের এক সদস্যের মৃত্যুর পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সিপিআর গেইট এলাকায় মঙ্গলবার গভীর রাতে নূরে আলম নামের ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।  তিনি চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বন্দর জোনে কর্মরত ছিলেন।

এ ঘটনায় বুধবার ওই ট্রেইলারের চালক মো. শামীম খান (২৮) এবং তার সহকারী মো. সেলিম ওরফে লিটনকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়, দুর্ঘটনার সময় ট্রেইলারের চালকের আসনে ছিলেন সেলিম, যদিও তার ড্রাইভিং লাইসেন্স নেই।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরের সিপিআর গেইটের কাছে ডিউটি করছিলেন ট্রাফিক সদস্য নূরে আলম। এ সময় পণ্যভর্তি কন্টেইনার নিয়ে বের হওয়া একটি ট্রেইলার বেপোরোয়া গতিতে গিয়ে কনস্টেবল নূর আলমকে চাপা দেয়।

“প্রায় এক ঘণ্টার চেষ্টায় রেকার দিয়ে ট্রেইলার সরিয়ে কনস্টেবল নূর আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি সঞ্জয় সিনহা বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন ট্রেইলারটি আটকে ফেলে। তখন চালক কৌশলে পালিয়ে যায়। এ সময় গাড়ি তল্লাশি করে শামীম খান নামে একজনের ড্রাইভিং লাইসেন্স খুঁজে পাওয়া যায়। পরে বুধবার পুলিশ বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে শামীম খানকে আটক করে।

“এ সময় শামীম পুলিশকে জানায়, ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। তার সহকারী সেলিম ট্রেইলরটি চালাচ্ছিলেন। পরে ফেনীর সোনাগাজী থেকে বুধবার রাতে সেলিমকে গ্রেপ্তার করা হয়।”

পুলিশ কর্মকর্তা সঞ্জয় সিনহা জানান, শামীম ট্রেইলারের চালক হলেও তার ভারী গাড়ি চালানোর লাইসেন্স নেই। গাড়ি থেকে জব্দ করা লাইসেন্সটি হালকা যান চালানোর। আর সেলিমের কাছে কোনো ড্রাইভিং লাইসেন্সই ছিল না।

পুলিশ সদস্য নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে হওয়া মামলায় সেলিম ও শামীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।