২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি বাহারের বক্তব্য ‘পরিবেশ নষ্ট করার মত উপকরণ’: চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদ

পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত বলেছেন, সংসদ সদস্যর ওই বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত’ লেগেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 04:21 PM

Updated : 17 Oct 2023, 04:21 PM

কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের ‘মাদকমুক্ত পূজা’ আয়োজনের বক্তব্যকে  ‘দুর্গাপূজার পরিবেশে বিঘ্ন ঘটানোর মত একটি উপকরণ’ বলে মনে করছে চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদ।

পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত বলেছেন, সংসদ সদস্যর ওই বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত’ লেগেছে।

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দুর্গোৎসব সামনে রেখে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন শ্যামল কুমার পালিত।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার গত ৪ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় বলেছিলেন, “পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। আসুন, কুমিল্লা থেকেই শুরু হোক মাদকমুক্ত পূজা আয়োজন। মণ্ডপে লিখে দেবেন ‘মাদকমুক্ত পূজা’।”

বাহারের ওই বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ওই মিছিলে সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধেও মিছিলে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ঐক্য পরিষদের নেতারা।

শ্যামল কুমার পালিত বলেন, “পূজার আয়োজনে প্রশাসনের সঙ্গে এক সভায় কুমিল্লার সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার যে মন্তব্য করেছেন, তাতে আমাদের অনুভূতিতে আঘাত লেগেছে। আমরা খুব কষ্ট পেয়েছি। পূজার সঙ্গে মাদকের কোনো সম্পর্ক নেই। ধর্মীয় নিয়মে অত্যন্ত পবিত্রতার সাথে ভক্তি সহকারে আমরা মণ্ডপে পূজার আয়োজন করি।“

বাহারের বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে বর্ণনা করে শ্যামল কুমার পালিত বলেন, “তার ওই বক্তব্য সম্প্রীতি ও পূজার পরিবেশ বিঘ্ন ঘটানোর উপকরণ হিসেবে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে।”

কুমিল্লায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, “সেখানকার প্রশাসনের সঙ্গে ঐক্য পরিষদ নেতারা বৈঠক করেছেন। দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। ... আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

“সংসদ সদস্যের বিষয়ে আমরা কেন্দ্রীয়ভাবে যথাযথ স্থানে জানিয়েছি। আমরা ব্যক্তিকে বিবেচনা করছি না। বিষয়টি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান,” বলেন শ্যামল কুমার পালিত।

এই নেতার কথা হল, কোনো ধরনের আতঙ্ক নিয়ে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্যামল কুমার পালিত বলেন, “প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। প্রশাসন কিছু মণ্ডপকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। ধর্মীয় এই উৎসবটি আয়োজনে আমরা প্রশাসন ও রাজনৈতিক নেতদের কাছে দায়িত্বশীল ভূমিকা আশা করি। প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সোশাল মিডিয়া ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে বলে আশা করছি।

“যেহেতু সামনে নির্বাচন, তাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সরকার ও প্রশাসনের কাছে একটি চ্যালেঞ্জ।”

সভায় নগরীর দক্ষিণ কাট্টলীতে বঙ্গোপসাগরের তীরে ঐতিহ্যবাহী রানী রাসমনি ঘাট সংস্কারে মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমজুদার দোলন বলেন, “মণ্ডপে মণ্ডপে পুলিশ বা আইনশৃঙ্খশৃ লা বাহিনীর সদস্যদের দিয়ে সাম্প্রদায়িক সহিংসতা রোধ করা যাবে না।“

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও মুক্তিমুযুদ্ধের পক্ষ শক্তির দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

অন্যদের মধ্যে পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি দিলীপ কুমার মজুমজুদার, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, জেলার বর্তমান সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত ও সুনীল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত ওকল্লোল সেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।