২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে চাকরির ‘প্রলোভন’ দেখিয়ে লাখ লাখ টাকার প্রতারণা, গ্রেপ্তার ১

সালাম নিজেকে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে ভুয়া পরিচয় দিতেন এবং ওই পরিচয়ের ভিজিটিং কার্ডও ব্যবহার করতেন বলে র‍্যাবের ভাষ্য।

বিমানবন্দরে চাকরির ‘প্রলোভন’ দেখিয়ে লাখ লাখ টাকার প্রতারণা, গ্রেপ্তার ১

গ্রেপ্তার আব্দুস সালাম হাওলাদার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 02:38 PM

Updated : 07 Jul 2023, 02:38 PM

বিমানবন্দর এবং এয়ারলাইন্স কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে এক বক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নগরীর ইপিজেড এলাকা থেকে বৃহস্পতিবার আব্দুস সালাম হাওলাদার নামের ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব-৭।

সালাম থাকতেন নগরীর ইপিজেড থানার ফ্রি-পোর্ট এলাকায়; তার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।

সালাম নিজেকে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে ভুয়া পরিচয় দিতেন এবং ওই পরিচয়ের ভিজিটিং কার্ডও ব্যবহার করতেন বলে র‍্যাবের ভাষ্য।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সালাম তার বড় ভাইয়ের এক সহকর্মীর ছেলেকে বিমানবন্দরে চতুর্থ শ্রেণির পদে চাকরি দেওয়ার কথা বলে সাড়ে পাঁচ লাখ টাকার বেশি হাতিয়ে নেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে উল্টো ভয়-ভীতি দেখিয়েছেন সালাম।

একইভাবে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স এবং ঢাকা বিমানবন্দরের প্রটোকল অফিসারের কাজ দেওয়ার কথা বলে আরও দুইজনের কাছ থেকে তিন লাখ ২০ হাজার এবং চার লাখ টাকা করে, মোট সাত লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ আছে সালামের বিরুদ্ধে।

সালামের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ এলে তদন্তে নেমে তার ওপর নজরদারি শুরু করে র‍্যাব। অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, সালামের বড় ভাই তৈরি পোশাকের কারখানায় কাজ করেন। সেই ভাইয়ের সহকর্মীর কাছে সালাম নিজেকে পরিচয় দেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং তাকে একটি ভিজিটিং কার্ডও দেন। এরপর তার ছেলেকে বিমানবন্দরে চাকরির আশ্বাস দেয়। স্কুলের গণ্ডি পার না হওয়া ওই ছেলের জন্য এসএসসির সনদের ব্যবস্থাও করে দেবেন বলেন।

এরপর ওই পরিবারের সঙ্গে ৫ লাখ ৬০ হাজার টাকার চুক্তি করেন সালাম। সে অনুযায়ী ওই ব্যক্তি কয়েক দফায় সালামকে সব টাকা পরিশোধও করেন।

 ‘প্রতারণার শিকার’ ব্যক্তি র‍্যাবের কাছে অভিযোগে জানিয়েছেন, গত বছরের নভেম্বর মাসে ঢাকা শাহজালাল বিমানবন্দরে চাকরি হওয়ার কথা বলে সালাম তাকে ও তার ছেলেকে ঢাকায় নিয়ে যান। বিমানবন্দরের কাছে একটি হোটেলে ১৭ দিন থাকার পরও ছেলের চাকরি হয়নি। এক সময় সালামের কোনো খোঁজ তারা পাচ্ছিলেন না। এরপর ছেলেকে নিয়ে তিনি চট্টগ্রামে ফিরে আসেন।

এর পর সালামের খোঁজ পেয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে টাকা ফেরত চেয়েছেন ওই ব্যক্তি। কিন্তু  সালাম তাদের টাকা ফেরত না দিয়ে উল্টো বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতেন বলে জানানো হয় র‍্যাবের বিজ্ঞপ্তিতে।