চট্টগ্রামে ভোটের প্রচারে অংশ নেওয়া বিএনপির ৩ নেতাকে বহিষ্কার
মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী বলেন, “নির্বাচন বর্জনের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নির্বাচনী প্রচার প্রচারে অংশ নেওয়ায় বহিষ্কার করা হয়েছে।”
দল ভোট বর্জনের আন্দোলনে থাকলেও আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় চট্টগ্রামে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন- বন্দর থানা কমিটির সহ-সভাপতি আবু জহুর, উত্তর কাট্টলী ওয়ার্ড কমিটির সহ-সভাপতি আবদুল ওয়াহাব বাবুল (বাবুল কোম্পানি) ও পাঁচলাইশ থানা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এ তিন জনকে বহিষ্কারের বিষয়টি বুধবার জানানো হয়।
মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন বর্জনের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নির্বাচনী প্রচার প্রচারে অংশ নেওয়ায় বহিষ্কার করা হয়েছে।”
বন্দর থানা বিএনপির সহ-সভাপতি আবু জহুর চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এম এ লতিফের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।
এছাড়া আবদুল ওয়াহাব বাবুল ও আবুল কাশেম চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর, খুলশী ও পাঁচলাইশ-আংশিক) এলাকার স্বতন্ত্র প্রার্থী (ফুলকপি) এম মনজুর আলমের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন।
চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগ ঘরানার হিসেবে পরিচিত মনজুর আলম বিএনপির মনোনয়নে ২০১০ সালে নির্বাচন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন।
