ঝড়ের পর স্বাভাবিক ব্যস্ততায় ফিরছে চট্টগ্রাম বন্দর
মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডেলিভারিও শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ার পর চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গর থেকে পণ্যবাহী জাহাজগুলোকে আবার জেটিতে ফেরাচ্ছে কর্তৃপক্ষ; চলছে পণ্য খালাসের কাজ।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগের দিন জারি করা ‘অ্যালার্ট-৩’ মঙ্গলবার তুলে নেওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তার স্বার্থে জেটি সব জাহাজকে গতকাল বহির্নোঙ্গরে পাঠানো হয়েছিল। আজ সেগুলো জেটিতে ফেরানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের পর বন্দর মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলা যায়।”
তিনি জানান, সকাল থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। ইতোমধ্যে কন্টেইনার ডেলিভারিও শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলের দিকে এগিয়ে আসায় সোমবার চট্টগ্রাম বন্দরের জেটি থেকে পণ্যবাহী ১৮টি জাহাজকে বহির্নোঙ্গরে সরিয়ে নেওয়া হয়।
এছাড়া যন্ত্রপাতি সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব সংকেত জারি করে। ঝড় কেটে যাওয়ায় এখন তা প্রত্যাহার করা হল।
