৯ কোটি টাকা ঋণ নিয়ে মানি লন্ডারিং; একজনকে ৫ বছর কারাদণ্ড
জরিমানার নয় কোটি টাকা পরিশোধ না করতে পারলে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
নয় কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে তা পরিশোধ না করায় মানি লন্ডারিংয়ের দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার দুদকের মামলায় চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনশি আবদুল মজিদ কক্সবাজারের ওই ঋণ খেলাপি মো. লিয়াকত আলীকে ৯ কোটি টাকা অর্থদণ্ডও দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, অর্থের বৈধ হিসাব না থাকা এবং স্থানান্তরের অপরাধে মানি লন্ডারিংয়ের ঘটনায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি জরিমানার অর্থ পরিশোধ করা না হলে আসামিকে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা লিয়াকত রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, লিয়াকত আলীর মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠান চকরিয়ায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা থেকে ব্যাংকের এক কর্মকর্তার যোগসাজশে ৯ কোটি ২০ লাখ ৬৩ হাজার টাকা ঋণ নেন। এরমধ্যে ৯ কোটি ১৯ লাখ টাকা উত্তোলন করেন।
তবে ঋণের অর্থ কোথায় ব্যয় হয়েছে এবং বৈধ কোনো হিসাব লিয়াকত দিতে পারেননি। জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, স্থানান্তর সঠিক না হওয়ায় লিয়াকত ও মো. মোজাম্মেল নামে আরেকজনের বিরুদ্ধে চকরিয়া থানায় ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর মানি লন্ডারিং আইনে মামলা করেন দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক ওয়াহিদুজ্জামান।
পরে এ ঘটনায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং পরের বছরের ১৪ মার্চ আসামি লিয়াকতের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোজাম্মেলকে অব্যাহতি দেয় আদালত।
মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।
