২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খৈয়াছড়ায় মাইক্রোবাস-ট্রেন সংঘর্ষে মৃত্যু বেড়ে ১২

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আয়াতুল ইসলাম আয়াত নামের ওই কিশোর মারা যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2022, 04:38 PM

Updated : 05 Aug 2022, 04:38 PM

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ে মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম আয়াত (১৭) নামের ওই কিশোর মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুপুরের দিকে আয়াতকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আয়াত হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার যুগীর হাটের আবদুস শুক্কুরের ছেলে।

আয়াতের খালা নীলু আক্তার বলেন, তার এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত শুক্রবার দুর্ঘটনার পর থেকে সে আইসিইউতে ভর্তি ছিল।

পুরনো খবর:

কী ঘটেছিল খৈয়াছড়া রেল ক্রসিংয়ে?
চট্টগ্রামে ট্রেনের পথে মাইক্রোবাস, ১১ জনের মৃত্যু

গত ২৯ জুলাই দুপুরে খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ে উঠে পড়া আয়াতদের বহনকারী মাইক্রোবাসকে ঠেলে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেন।

ওই মাইক্রোবাসেই সকালে হাটহাজারীরে ‘আর অ্যান্ড জে’ কোচিং সেন্টার থেকে খৈয়াছড়ায় বেড়াতে গিয়েছিলেন ১৬ শিক্ষক-শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ওই পিকনিকে চালক ও সহকারীসহ ১৮ জন ছিলেন।

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতেই ১১ জনের মৃত্যু হয়। আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।