২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট বানচালে বিএনপি উঠেপড়ে লেগেছে: নাছির

চট্টগ্রাম ১০ উপনির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি দেখতে চান তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 06:54 PM

Updated : 21 Jul 2023, 06:54 PM

নির্বাচন বানচাল করতে বিএনপি উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

তিনি বলেছেন, “চট্টগ্রাম-১০ আসনে অনুষ্ঠেয় উপ নির্বাচন বিএনপি-জামাতের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে একটি প্রতিবাদী ম্যান্ডেট প্রদানের শুভক্ষণ। কারণ এই অপশক্তিটি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা নির্বাচন বানচাল করার জন্য এখন থেকেই উঠেপড়ে লেগেছে।"

শুক্রবার বিকালে চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের গণসংযোগে এ মন্তব্য করেন নাছির। 

সাবেক এই মেয়র বলেন, “বিএনপি দলটি ক্যান্টেনমেন্ট জন্ম দেওয়া এবং অবৈধ ও অসংবিধানিকভাবে ক্ষমতা দখল করে তাদের প্রতিষ্ঠাতা যে দলটি গঠন করেছেন, সে দলটি সুবিধাভোগী ও স্বাধীনতাবিরোধী শক্তির রসায়নে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। 

“আর জামায়াত ১৯৭১-এ সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং গণহত্যায় প্রত্যক্ষ অংশ নিয়েছিল।"

আওয়ামী লীগ নেতা নাছির বলেন, “চিহ্নিত এই দুটি অপশক্তি বাংলাদেশের অস্তিত্বকে কিছুতেই মেনে নিতে পারে না। কারণ তাদের রক্তের ভেতরেই রয়ে গেছে পাকিস্তানি প্রেতাত্মার বীজ। এদেরকে নিশ্চিহ্ন করতে হলে এই উপনির্বাচনে ভোটারদের উপস্থিতির হার বাড়িয়ে তাদের বিরুদ্ধে গণরায় প্রদান করতে হবে।"

দলের নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট কেন্দ্রে এসে তাদের প্রত্যাশা ব্যক্ত করার জন্য উৎসাহ ও প্রেরণা দিতে তাগিদ দেন নাছির। 

গণসংযোগে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, “এই হালিশহর অঞ্চল নানা পেশা ও বিভিন্ন অঞ্চলের স্থায়ী আবাসন থাকায় এই অঞ্চলটির আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া এটি শিল্পাঞ্চলও বটে। 

“এই এলাকাটির সমস্যা এবং সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা আমি জানি। আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার প্রধান দায়িত্ব-কর্তব্য হবে বিদ্যমান সমস্যাগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সেগুলোর সমাধান নিশ্চিত করা।"

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের নাজিমুল ইসলাম মজুমদার।