চট্টগ্রামে অবৈধ ও ঝুঁকিপূর্ণ সাড়ে ৩০০ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রামের ফয়’স লেক সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্মাণ করা সাড়ে ৩০০ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
চট্টগ্রামের আকবর শাহ থানাধীন বেলতলী ঘোনা এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণ করা ঝুঁকিপূর্ণ সাড়ে ৩০০ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
ফয়’স লেক সংলগ্ন ওই এলাকায় রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানান চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম।
অভিযানে দখলে থাকা প্রায় তিন একর খাস জমিও উদ্ধার করা হয়েছে। ওই জায়গাগুলো পুনরায় দখল ঠেকাতে পিলার ও কাঁটা তারের বেড়া দিয়েছে জেলা প্রশাসন।
পাহাড় রক্ষায় সুপ্রিম কোর্টে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ এর করা এক আবেদনের রায় এবং পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৬তম সভার সিদ্ধান্ত বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
অভিযানে সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম, কাট্টলী সার্কে্লের সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক, চান্দগাঁও সার্কেলের মো. মাসুদ রানা, ও বাকলিয়া সার্কেলের জামিউল হিকমাহ ছিলেন।
এছাড়া র্যাব, পুলিশ, আনসার, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিডিবি, কেজিডিসিএল ও ওয়াসার প্রতিনিধিরাও ছিলেন।
সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, অভিযানে পাহাড়তলী মৌজার ২ দশমিক ৮৮ একর খাস জমিসহ মোট পাঁচ একর পাহাড়ি জায়গা থেকে ৩৫০টির মত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যারা পাহাড় কাটা ও দখলের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে পৃথক মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার একই এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ে অবৈধভাবে বসতি স্থাপনকারীদের উচ্ছেদ করে জেলা প্রশাসন।
