২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মঙ্গলবার দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের উত্তর সর্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।

বোয়ালখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ফাইল ফটো

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 06:55 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ‘ডুবে’ প্রাণ হারিয়েছে দুই শিশু।

মঙ্গলবার দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের উত্তর সর্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- লেদু সর্দ্দারের মেয়ে প্রিয়া সর্দ্দার (৭) এবং রঞ্জন সর্দ্দারের মেয়ে মৃত্তিকা সর্দ্দার (৬)।

ওই দুই শিশু প্রতিবেশী ছিলেন জানিয়ে আমুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুপুরে স্কুল থেকে ফিরে তারা বাড়ির কাছে একটি পুকুরে গোসল করতে গিয়েছিল। তবে তারা কেউ সাঁতার জানত না।

“বেশকিছুক্ষণ বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

চেয়ারম্যান কাজল বলেন, “মৃত প্রিয়ার বাবা লেদু মাছ ধরেন এবং মা সরকারি সড়ক সংস্কার প্রকল্পের আওতায় শ্রমিকের কাজ করেন। তারা কেউই বাড়িতে ছিলেন না।

“মৃত্তিকার মা বাড়িতে ছিলেন। বেশকিছুক্ষণ দুই শিশুর খোঁজ না পেয়ে তিনি (মৃত্তিকার মা) তাদের খুঁজতে বের হয়।”

বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “পরিবারের পক্ষ থেকে গোসেল গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”