২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩টার মধ্যে ‘৮০% বর্জ্য’ অপসারিত

নগরীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করেছেন মেয়র রেজাউল।

চট্টগ্রামে ৩টার মধ্যে ‘৮০% বর্জ্য’ অপসারিত

নগরীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 06:28 PM

Updated : 29 Jun 2023, 06:28 PM

ঈদের দিন বিকাল সাড়ে ৩টার মধ্যে চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। 

তিনি বলেছেন, “বিকাল সাড়ে তিনটার মধ্যে নগরীর ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীতে অনেকে দুপুর ২টার পর কোরবানি দেন। আবার কিছু প্রান্তিক এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা কিছুটা কঠিন। এসব এলাকায় এবং নগরীর সব অলি-গলি সন্ধ্যা ৭টার মধ্যে পরিষ্কার করা হবে।"

বৃহস্পতিবার বিকালে নগরীর আলমাস সিনেমা হল এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। 

নগরী ঘুরে দেখা গেছে, সকাল ৯টা থেকে নগরীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ শুরু করে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। 

বিকাল ৩টার মধ্যে নগরীর দামপাড়া, ওয়াসা, জিইসি, কাজীর দেউড়ি, জামালখান, জেল রোড, কোতোয়ালী মোড় সহ বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ হয়ে গেছে। তবে বিকেল ৪টার দিকেও মুরাদপুর, আতুরার ডিপো, চৌমুহনীসহ অল্প কয়েকটি এলাকায় বর্জ্য অপসারণ কাজ চলমান দেখা গেছে। 

আবর্জনা অপসারণের পাশাপাশি সিটি করপোরেশনের পানিবাহী গাড়ি থেকে পানি ছিটিয়ে সড়ক ও গলি পরিষ্কার করা হয়। এছাড়া ব্লিচিং পাউডারও ছিটিয়ে দেয় পরিচ্ছন্ন কর্মীরা। 

নগরীর জেল রোড এলাকার বাসিন্দা নাঈমুল হক জানান, বেলা ১ টার মধ্যে আমাদের এলাকার বর্জ্য পরিষ্কার হয়ে গেছে। 

পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি নগরীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলদেরও এই কার্যক্রম তদারক করতে দেখা যায়। 

এর আগে ২০২২ সালে ৭ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারিত হয়েছিল বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।  

পরিদর্শনের সময় কোরবানির পশুর চামড়া সংগ্রহ প্রসঙ্গে মেয়র রেজাউল বলেন, “আমাদের লক্ষ্য জাতীয় সম্পদ চামড়া যাতে নষ্ট না হয়। এজন্য আতুরার ডিপোর চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমি সমন্বয় সভা করেছি। আশা করি কোনও চামড়া নষ্ট হবে না এবার।" 

এ সময় মেয়রের সাথে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলীসহ কর্মকর্তাবৃন্দ।