মাদক কারবারের আধিপত্য নিয়ে বাকলিয়ায় সংঘর্ষ: প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার
সংঘর্ষের ঘটনায় এর আগে এক পক্ষের নিয়ন্ত্রক জসীমকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের বাকলিয়ায় মাদক কারবারের আধিপত্য নিয়ে সংঘর্ষের মামলার প্রধান আসামি এক পক্ষের নিয়ন্ত্রক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটিয়া উপজেলা থেকে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) সাজ্জাদ হোসেন।
‘মাদক কারবারের আধিপত্য’ নিয়ে রোববার রাতে বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইনে স্থানীয় মুরাদ ও জসীম বাহিনীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বাকিলিয়া থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে সড়কের ওপর দুই পক্ষ অবস্থান নেয়। একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় কয়েকটি গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সহকারী কমিশনার সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পরপর এক পক্ষের নিয়ন্ত্রক জসীমকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য পক্ষের মুরাদ আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে দুই সহযোগী সুমন ও রুহুল আমিনসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
মুরাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদকসহ অন্তত ১৬টি মামলা আছে বলে পুলিশ তথ্য দিয়েছে।
বাকলিয়ার স্থানীয়রা বলছেন, এলাকায় নিজস্ব বলয় তৈরি করে মাদক ব্যবসা, জায়গা দখলসহ বিভিন্ন অপরাধমূলক কাজে সম্পৃক্ত মুরাদ। আধিপত্য বজায় রাখতে নিজেকে সরকার দলীয় সংগঠনের নেতা পরিচয় দিতেন তিনি।
একসময় তার পক্ষে ছিল জসীম। পরে দুই জনের মধ্যে বিরোধের পর জসীম আলাদা মাদক কারবার শুরু করে এবং দুই জনই আধিপত্য বিস্তারে কিশোর গ্যাংও নিয়ন্ত্রণ করেন। বিভিন্ন সময়ে জসীম ও মুরাদের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে বাকলিয়া এলাকায়।
