২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এখন ‘নতুন যুগের’ দুর্ভিক্ষ: আমীর খসরু

“মানুষের ভোটের অধিকারসহ সব অধিকার তারা কেড়ে নিয়েছে।”

বাংলাদেশে এখন ‘নতুন যুগের’ দুর্ভিক্ষ: আমীর খসরু

ড্যাবের অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 11:33 PM

Updated : 10 Apr 2023, 11:33 PM

জীবনযাত্রার কষ্ট নিয়ে প্রথম আলোর প্রতিবেদনে যা এসেছে, দেশের পরিস্থিতি তার চেয়েও খারাপ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে রাতে ধরে তুলে নিয়ে গেছে। কী জন্য? একজন মানুষ তার পেটের খিদের কথা বলেছে।

“শামসুজ্জামান অনেক কম বলেছে। যদি সাউথ এশিয়ান ইকোনোমিস্টের রিপোর্ট যদি দেখেন তাতে বলা হয়েছে গত ছয় মাসে দেশের ২৮ শতাংশ মানুষ এক বেলা না খেয়ে আছে। ৭২ শতাংশ মানুষ ধার করে চলছে। ৫২ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার খেতে পারছে না।”

“সুতরাং প্রথম আলোর সাংবাদিক যা বলেছে, কম বলেছে। এটাকে বলে নীরব দুর্ভিক্ষ। বিশ্ব পরিবর্তনের প্রেক্ষাপটে আগের মতো দুর্ভিক্ষ এখন আর হয় না। বাংলাদেশের দুর্ভিক্ষ এই যুগের নতুন দুর্ভিক্ষ,” বলেছেন তিনি।

সোমবার চট্টগ্রাম নগরীর চকবাজারে একটি কমিউনিটি সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখা আয়োজিত চিকিৎসক সমাবেশে এ কথা বলেন আমীর খসরু।

সাবেক এই মন্ত্রী সরকারের সমালোচনা করে বলেন, “মানুষের ভোটের অধিকারসহ সব অধিকার তারা কেড়ে নিয়েছে। সংবিধান যা যা সুরক্ষা দিয়েছে, সবকিছু তারা লঙ্ঘন করেছে। কিন্তু ভোট চুরির বেলায় সংবিধানের দোহাই তারা দিচ্ছে। দিনের ভোট রাতে নিচ্ছে।”

ড্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. হারুন আল রশিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, ড্যাব কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য রাখেন।