নতুন কমিটি নিয়ে আনন্দ মিছিল, এরপর সংঘর্ষ-গ্রেপ্তার
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নতুন কমিটি নিয়ে আনন্দ মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মহানগরীর নেভাল এভেনিউ এলাকায় পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের ওই সংঘর্ষে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।
পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, নঈম উদ্দিন চৌধুরী, ইকবাল হায়দার চৌধুরী, আবদুল আলীম, মোহাম্মদ আজিজ, বেলাল উদ্দিন বাদশা, মুরাদুল আলম, মো. আরমান, ওমর ফারুক ও তোফায়েল আহম্মেদ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যে, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিকালে সিআরবি এলাকা থেকে আনন্দ মিছিল করে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে যাচ্ছিলেন। নেভাল এভিনিউর কাছে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
চট্টগ্রাম নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা রাস্তা বন্ধ করে মিছিল করা শুরু করলে তাদের ফুটপাত ধরে যাওয়ার অনুরোধ করি। এ সময় তারা মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে।”
হামলার ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন উল্লেখ করে মুজাহিদুল ইসলাম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।”
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিক বলেন, “মিছিল করার মৌখিক অনুমতি থাকলেও পুলিশ আচমকা মিছিলে লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন।”
পুলিশ তাদের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলেও জানান জমির উদ্দিন।
