পুলিশ কাজ করছে বলেই পরিস্থিতি স্থিতিশীল: আইজিপি
তিনি বলেছেন, “পুলিশের প্রতিটি সদস্যকে আমরা জনগণের আস্থার প্রতীকে পরিণত করতে চাই।”
পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন বলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
সোমবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস মাঠে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার এ মন্তব্য আসে।
পুলিশ প্রধান বলেন, বিভিন্নমুখী অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও জনসাধারণকে সাথে নিয়ে কাজ করছে।
“সে কারণে দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় আছে। এতে দেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম হয়েছে তিন হাজার মার্কিন ডলার। দেশের অর্থনীতি সচল রাখতেও পুলিশ কাজ করছে। পাশাপাশি দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।”
পুলিশ মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন তার বাহিনীর বিভিন্ন সাফল্যের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন। তিনি বলেন, “এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিনিয়ত নিজেদের কার্যক্রমকে সুবিন্যস্ত করছি। সদস্যদের ট্রেনিংয়ের মাধ্যমে উপযুক্তভাবে গড়ে তুলছি।”
পুলিশের মেধা, মনন ও শ্রম দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় যুক্ত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “পুলিশের প্রতিটি সদস্যকে আমরা জনগণের আস্থার প্রতীকে পরিণত করতে চাই। মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় বঙ্গবন্ধু টানেলসহ চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পাঞ্চল, বে-টার্মিনাল চালু হলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বহুগুণ বেড়ে যাবে। সিএমপি তখন নিরাপত্তা বিধানে সহায়ক হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ৩০ নভেম্বর শুরু হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম। ছয়টি থানা নিয়ে যাত্রা করা সিএমপির সদস্য সংখ্যা তখন ছিল তিন হাজার ২২৮ জন।
বর্তমানে থানা বেড়ে হয়েছে ১৬টি, পাশাপাশি রয়েছে পাঁচটি তদন্ত কেন্দ্র ৩১টি আউট পোস্ট এবং ছয়টি পুলিশ বক্স। মোট সদস্য সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৭৮৪ জনের দাঁড়িয়েছে।
