২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইনজীবী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

২০১৭ সালের নভেম্বরে চকবাজারের এক বাসা থেকে তরুণ আইনজীবী বাপ্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রামে আইনজীবী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

ওমর ফারুক বাপ্পী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 01:50 PM

Updated : 26 Jul 2023, 04:29 PM

চট্টগ্রামের চকবাজারে আইনজীবী ওমর ফারুক বাপ্পীকে হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিন সাড়ে পাঁচ বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, রাশেদা বেগম ও হুমায়ুন রশিদ। তাদের মধ্যে হুমায়ুন কারাগারে থাকলেও রাশেদা পলাতক।

আসামিদের মধ্যে আল আমিন, আকবর হোসেন রুবেল ও মো. পারভেজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে আল আমিন ও আকবর পলাতক।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়া এ মামলার অপর আসামি জাকির হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে পিপি আবদুর রশীদ জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২৫ নভেম্বর সকালে চকবাজার থানাধীন কেবি আমান আলী রোডের বড় মিয়া মসজিদের ইউ ভবনের নিচতলার ভাড়া বাসা থেকে আইনজীবী ওমর ফারুক বাপ্পীর (৪০) লাশ উদ্ধার করে পুালিশ। বাপ্পীর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

লাশ উদ্ধারের সময় বাপ্পীর হাত-পা বাঁধা এবং মুখ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল বলে সেসময় জানিয়েছিল পুলিশ। 

ঘটনার পরদিন বাপ্পীর বাবা আলী আহমদ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন যাতে রাশেদা বেগম নামে এক নারীকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়।

২০১৮ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা পিবিআই- চট্টগ্রাম মেট্রোর সাবেক পরিদর্শক ও বর্তমান খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা। তা আমলে নিয়ে ২০২০ সালের ১৫ অক্টোবর ছয় আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে আদালত।

আইনজীবী আবদুর রশীদ বলেন, মামলার বিচারে ২৯ জন সাক্ষীর জবানবন্দি শুনে বুধবার পাঁচজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।

পুরনো খবর

চট্টগ্রামে আইনজীবীর লাশ উদ্ধার

আইনজীবী খুনের ঘটনায় পরিবারের মামলা

আইনজীবী বাপ্পী হত্যা: কুমিল্লা থেকে নারীসহ দুজন আটক