বসতঘরে আগুন, প্রাণ গেল শিশুর
শিশুটি ঘুমিয়ে থাকায় তার মা গোসল করতে যান। তখন ঘরে আগুন লাগে, তাতে দগ্ধ হয়ে শিশুটি মারা যায়।
বসতঘরে আগুন লেগে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের জমাদার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহত লামিয়া আক্তার ওই এলাকার আজিজুল হকের মেয়ে।
ঘটনাস্থলে যাওয়া মিরসরাই ফায়ার স্টেশনের লিডার হায়াতুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সোয়া একটার দিকে শিশুটি ঘুমিয়ে থাকায় তার মা গোসল করতে গিয়েছিলেন। তখন ঘরে আগুন লাগে, তাতে দগ্ধ হয়ে শিশুটি মারা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায় এবং মৃত শিশুটিকে উদ্ধার করে।
আগুনে টিন শেডের একটি বসত ঘর পুড়ে গেছে জানিয়ে হায়াতুন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।”
