২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় সহোদর খুন: বাবা-ভাইয়ের পর দুই ভাইও গ্রেপ্তার

গত ১৬ ডিসেম্বর ওই হত্যাকাণ্ডের পর তাদের বাবা ও আরেক ভাইকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

রাঙ্গুনিয়ায় সহোদর খুন: বাবা-ভাইয়ের পর দুই ভাইও গ্রেপ্তার

গ্রেপ্তার সাইফুল ইসলাম সাইফু ও মোর্শেদুল আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 06:09 PM

Updated : 21 Dec 2022, 08:00 PM

রাঙ্গুনিয়ায় গরুর গলার রশি খোলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে দুই সহোদর খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

হত্যাকাণ্ডের পাঁচদিন পর মঙ্গলবার রাতে চট্গ্রাম নগরীর নিমতলা ও আগ্রাবাদের গোসাইলডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম সাইফু (৪২) ও মোর্শেদুল আলম (২২) আপন ভাই। তাদের বাবা শফিকুল ইসলাম (৬২) ও তার আরেক ছেলে খোরশেদুল ইসলামকে (২৮) পাঁচ দিন আগে হত্যাকাণ্ডের পরপরই পুলিশে দিয়েছিল স্থানীয়রা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের পর দুই ভাই রাঙ্গুনিয়া থেকে পালিয়ে চট্টগ্রাম শহরে চলে আসেন।

পুরনো খবর:

গরুর রশি খোলা নিয়ে তর্কাতর্কিতে দুই ভাই নিহত
Image

হত্যাকাণ্ডের পরই শফিকুল ইসলাম (৬২) ও তার এক ছেলে খোরশেদুল ইসলামকে (২৮) পুলিশে দিয়েছিল স্থানীয়রা।

“মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিমতলা ডিয়ারপাড়া এলাকার একটি বাসা থেকে সাইফু এবং তার দেওয়া স্বীকারোক্তিতে গোসাইলডাঙ্গা থেকে মোর্শেদুলকে আটক করা হয়। পরে তাদের রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

গত ১৬ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর পশ্চিম খুরুশিয়া ওয়ার্ডে গরুর গলার রশি খোলা নিয়ে নিহত জালাল উদ্দিনের সঙ্গে শফিকুল ইসলামের বিতণ্ডা ও হাতাহাতি হয়।

এর জের ধরে শফিকুলের তিন ছেলে মিলে বিকালে জালালের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে কামাল এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা জালাল ও কামালকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই সময় তারা শফিকুল ও তার ছেলে খোরশেদুলকে আটক করে পুলিশে দেয়।