চট্টগ্রাম নগরীতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে শহরেরর নাগরিকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিচ্ছন্ন নগরী গড়ার কাজে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন শহরজুড়ে চালিয়েছে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ কার্যক্রম।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে এই ক্যাম্পেইন শুরু হয়।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে শহরের নাগরিকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনের প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং উদ্বোধন করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
মেয়র রেজাউল করিম বলেন, “আমরা চাই জনগণ যাতে যত্রতত্র ময়লা ও পলিথিন না ফেলে। নগরবাসী আমাদের সহযোগিতা করলে, নগরীকে পরিচ্ছন্ন রাখতে আমার যে পরিকল্পনা তা বাস্তবায়িত হবে, গড়ে উঠবে ক্লিন চট্টগ্রাম।”
ফেরদৌস বলেন, “চট্টগ্রামের মত এত পাহাড়, বন, ফুলঘেরা সুন্দর শহর আর নেই৷ এ সুন্দর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন জনগণের সচেতনতা। আজকের এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে তরুণদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই আমরা।”
এরপর একটি শোভাযাত্রা প্রেস ক্লাব থেকে শহরের সিআরবি শিরীষ তলায় গিয়ে শেষ হয়৷
এতে অংশ নেন ক্যাম্পেইনে কাউন্সিলর জহর লাল হাজারী ও শৈবাল দাশ সুমন, সিসিসির সচিব খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।
প্রচারণায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট চসিক, বিডি ক্লিন ও ইপসাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
