ভোট উৎসব ম্লান করার অপচেষ্টা উচ্ছ্বাসে পরিণত: হাছান মাহমুদ
হাছান মাহমুদ বলেন, “প্রকৃতপক্ষে মানুষ যেভাবে আজকে ভোট উৎসবে শামিল হয়ে ভোট দিচ্ছে, বিএনপি-জামাত ভোট উৎসবে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।”
ভোট উৎসব ম্লান করতে বিএনপি-জামায়াতের অপচেষ্টা উচ্ছ্বাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাছান মাহমুদ রোববার সকাল সাড়ে ১০টায় রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা।
এ সময় তিনি বলেন, “বিএনপি-জামায়াত চেষ্টা করেছে ভোটকে ঘিরে মানুষের মাঝে সৃষ্টি হওয়া উৎসাহ-উদ্দীপনাকে ম্লান করার জন্য, কিন্তু তাদের এই অপচেষ্টা ছাপিয়ে মানুষের উৎসাহ-উদ্দীপনা উচ্ছ্বাসে পরিণত হয়েছে।
“ভোটের সেই উৎসব আজকে সারা বাংলাদেশে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার আমেজের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।”
হাছান মাহমুদ বলেন, “প্রকৃতপক্ষে মানুষ যেভাবে আজকে ভোট উৎসবে শামিল হয়ে ভোট দিচ্ছে, বিএনপি-জামাত ভোট উৎসবে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, “মানুষের প্রতিপক্ষ হলে কখনও তারা সফলকাম হয় না, হবেও না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি আজকের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ধস নামানো বিজয় হবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে পর পর চতুর্থবারের মতো এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।”
হাছান মাহমুদ নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে বলেন, “অনেক জায়গায় সকাল ৮টার আগে থেকে মানুষ লাইন ধরেছিল। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এটি শুধু আমার নির্বাচনি এলাকায় নয়, সমগ্র দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।”
