চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালের ক্যান্সার সেন্টার চালু
এটিই চট্টগ্রামের প্রথম কোনো বিশেষায়িত ক্যান্সার সেন্টার বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
ক্যান্সারের চিকিৎসায় আলাদা কম্প্রিহেনসিভ কেয়ার সেন্টার চালু করেছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম।
রোববার এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে, যেটি চট্টগ্রামের প্রথম বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
রোগীরা এ সেন্টারে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, হেমাটোলজি, পেইন-পেলিয়্যাটিভ কেয়ারের মতো বিভিন্ন সেবা নিতে পারবেন বলে হাসপাতালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন, “ক্যান্সার রোগীর সেবা প্রদানে সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন, কনভিকশনাল ট্রান্সফরমেশন ও বিহেবিয়ারাল পার্সপেকটিভ নামে তিনটি তিনটি ট্রান্সফরমেশন রয়েছে। এগুলো নিশ্চিত করেই এভারকেয়ার হসপিটাল ক্যান্সার রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে।”
হাসপাতালের এমডি ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার জানান, ঢাকায় ক্যান্সার রোগীদের বিশ্বমানের চিকিৎসা দেওয়ার ধারাবাহিকতায় চট্টগ্রামবাসীর জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রথম ও একমাত্র কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করছেন তারা। এটি চট্টগ্রামের স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আনবে বলে তার আশা।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামীর সিং বলেন, ক্যান্সার শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সংকট ও ঘাটতিগুলো সামনে উঠে আসছে। ক্যান্সারের সুচিকিৎসা নিশ্চিতে দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার এখনই সময়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, এভারকেয়ার হসপিটাল বাংলাদেশ এর হেমাটোলজি ও বিএমটি সেন্টারের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ, মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. দীপক সিং উপস্থিত ছিলেন।
