চট্টগ্রামের ১৫টি আসনে বিজিবি মোতায়েন
বাদ রাখা হয়েছে কেবল সন্দ্বীপ।
ভোটের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের ১৫টি সংসদীয় এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের সন্দ্বীপ বাদে বাকি সংসদীয় এলাকায় ৯৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
এর মধ্যে বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধীনে ১১টি সংসদীয় আসনে ৭৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর হালিশহরে ব্যাটালিয়ন থেকে বিজিবি সদস্যরা বিভিন্ন উপজেলার উদ্দেশে রওনা দেন।
বিজিবি-৮ ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন সংসদীয় আসনে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রামের ১১টি বাদে বাকি চার আসনে বিভিন্ন ব্যাটালিয়নের আরও ২২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে তারা শুক্রবার থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
