মীরসরাইয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন
রায় ঘোষণার সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন; আরেকজন পলাতক।
চট্টগ্রামের মীরসরাইয়ে এক দশক আগে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডিতরা হলেন- কামরুল হোসেন (৩০) ও মো. রাসেল (২৯)।
রায় ঘোষণার সময় কামরুল আদালতে উপস্থিত থাকলেও রাসেল পলাতক বলে পিপি খন্দকার আরিফুল আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের সাজা দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী নগরীতে গৃহকর্মীর কাজ করত। ঈদের ছুটিতে বাড়িতে গেলে আসামিরা তাকে অপহরণ করে ধর্ষণ করে।
২০১৩ সালের ১৭ অক্টোবর রাতে ঘর থেকে বের হলে আসামিরা তার মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের পাহাড়ে যায়। সেখানে দুজন ওই কিশোরীকে ধর্ষণের পর অবেচতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা পাহাড়ের জঙ্গলে ওই কিশোরীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।
ওই ঘটনায় পরদিন কিশোরীর বোন থানায় মামলা করেন। ওই বছরের ২২ ডিসেম্বর পুলিশ কামরুল ও রাসেলকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়। পরে ২০১৪ সালের ৮ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
পরে মোট ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় এক দশক পর আদালতের এই রায় এল।
