‘প্রতারণার নেশা’ পেয়েছিল বেলালের
কখনও পুলিশ, কখনও সংসদ সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন তিনি, ধরা পড়েন র্যাব পরিচয়ে ওই কাজ করতে গিয়ে।
পোলট্রি ফার্ম করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ‘প্রতারণার পথ’ ধরেছিলেন দ্বিতীয় শ্রেণি পাস বেলাল হোসেন, বহুবার পুলিশ পরিচয়ে প্রতারণার পর র্যাবের নাম ভাঙাতে গিয়ে তিনি ধরা পড়েছেন ওই বাহিনীর হাতে।
৩১ বছর বয়সী বেলাল কখনও এএসপি, কখনও ওসি, কখনও এসআই কিংবা সংসদ সদস্য পরিচয় দিয়েও প্রতারণা করে আসছিলেন বলে র্যাবের ভাষ্য।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বেলালের বিভিন্ন কীর্তির কথা তুলে ধরেন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
তিনি বলেন, বছর খানেক আগে এক মুদি দোকানিকে ফোন করে বেলাল নিজেকে সয়াবিন তেলের ‘ডিলার’ পরিচয় দেন। তারপর ভোজ্যতেলের দাম বাড়ার কথা জানিয়ে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেন।
“খুব সহজেই টাকা আদায় করতে পেরে এটা তার নেশায় পরিণত হয়।”
এর কিছু দিন বাদে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেলাল নিজেকে ফটিকছড়ির ভুজপুর থানার এসআই পরিচয় দিয়ে এক দফাদারের কাছ থেকে ৯ ইউপি সদস্য প্রার্থীর ফোন নম্বর সংগ্রহ করেন। পরে তাদের ফোন করে সাত জনের কাছ থেকে বেশ কিছু টাকা আদায় করেন বলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
র্যাব-৭ অধিনায়ক ইউসুফ বলেন, “বেলাল বিভিন্ন এলাকার বিভিন্ন বিষয় খোঁজ খবর নিয়ে ভুক্তোভোগীদের মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে তাদের কাছ থেকে টাকা আদায় করত।
“মাস খানেক আগে রাউজান উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। বেলাল শিশুটির বাবাকে ফোন করে ছেলের ময়নাতদন্ত না করাতে পাঁচ হাজার টাকা দাবি করে। পরে সেই টাকাও সে আদায় করে।”
সম্প্রতি হাটাহাজারী উপজেলায় উত্ত্যক্তের এক ঘটনায় কিছু দুস্কৃতকারী এক তরুণীর বাবাকে মারধর করে। পাশাপাশি তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে ভাঙচুর চালায়। এ ঘটনায় ওই তরুণীর বাবা একটি মামলা করেন।
“ওই মামলার বাদীকে ফোন করে হাটহাজারী থানার এসআই ও তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে ১০ হাজার টাকা আদায় করে বেলাল। পরপর দুই দিন ওসি এবং সার্কেল এএসপি পরিচয় দিয়ে টাকা আদায় করে। যেগুলোর মোট পরিমাণ ৫৩ হাজারের বেশি।”
র্যাব কর্মকর্তা ইউসুফ বলেন, “এরপর নিজেকে র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে ফের টাকা দাবি করলে ওই তরুণীর বাবার সন্দেহ হয়। তখন তিনি র্যাবকে অবহিত করেন। তারপর প্রতারক বেলালকে গ্রেপ্তার করা হয়।
“বেলাল এতই ধূর্ত যে সে কখনও সামনে আসত না। তার এক সহযোগীর মাধ্যমে টাকা আদায় করত। পদবীধারী লোক কীভাবে কথা বলে, সবকিছুই তার (বেলাল) আয়ত্তে ছিল।”
বেলালের পাশাপাশি তার সহযোগী মো. ওসমানকেও (৫৩) গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সস্মেলনে।
