২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গয়না ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাতে দোকান বন্ধ করে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে তিনি আক্রান্ত হন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 11:05 AM

Updated : 07 Sep 2022, 11:05 AM

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে এক গয়না ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বিমান ধর (৪০) পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ায় থাকতেন। চট্টগ্রাম শহরের বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় তারা সোনার দোকান আছে।

মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িকড়া এলাকায় তিনি আক্রান্ত হন।

পটিয়া থানার পরির্দশক (তদন্ত) রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় বিমান ধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুনিরা বিমানকে কুপিয়ে তার সাথে থাকা টাকাপয়সা ও ফোন নিয়ে গেলেও মোটর সাইকেলটি ঘটনাস্থলেই পড়ে ছিল।

পরিদর্শক রাশেদ বলেন, “আমরা পারিপার্শ্বিক সবকিছু খতিয়ে দেখছি, অপরাধীদের ধরতে অভিযানও শুরু হয়েছে।”

বিমান ধরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।