২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটিতে এসেছিল বাড়িতে, বস্তায় মিললো কিশোরের লাশ

আবদুল্লাহকে ফিরিয়ে দিতে তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী।

ছুটিতে এসেছিল বাড়িতে, বস্তায় মিললো কিশোরের লাশ

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 04:44 PM

Updated : 14 Dec 2023, 06:20 PM

চট্টগ্রামে এক দিন আগে নিখোঁজ এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ফিরিয়ে দিতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল পরিবারের কাছে।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর ইপিজেড থানার আয়েশার মার গলি এলাকা থেকে মো. আবদুল্লাহর লাশ উদ্ধার করা হয়।

১৩ বছর বয়সী আবদুল্লাহ ঝালকাঠির মঠবাড়িয়া উপজেলায় নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। ছুটিতে চট্টগ্রামে বাবা-মার কাছে এসেছিল সে।

তারা বাবা ও মা দুজনেই পোশাক কারখানায় কাজ করেন। আলী শাহ মসজিদ মাজার গলিতে তাদের বাসা।

আবুদুল্লাহর বাবা মাহমুদ হোসেন তালুকদারের বরাত দিয়ে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে বাবা-মা দুজনে কাজে যাওয়ার পর আবদুল্লাহ বাসা থেকে বের হয়েছিল। সন্ধ্যায় তার বাসায় ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

“এর মধ্যে অচেনা একটি নম্বর থেকে আবদুল্লাহর বাবাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।“

আবদুল্লাহর বাবা-মায়ের অভিযোগ পেয়ে পুলিশ রাতেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। যে নম্বর থেকে টাকা চেয়ে ফোন করা হয়েছিল, সেটি পরে বন্ধ পাওয়া যায় বলে জানান পরিদর্শক জামাল।

তিনি বলেন, সকালে ‘আয়েশার মা’র গলি এলাকায় দুই ভবনের মাঝে একটি সরু গলিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আবদুল্লাহর মৃতদেহ পায়।