চট্টগ্রামে পিকনিকের বাস উল্টে প্রাণ গেল দুজনের
পুলিশ বলছে, চট্টগ্রাম থেকে পিকনিক করতে কক্সবাজারে যাচ্ছিলেন ওই বাসের যাত্রীরা।
চট্টগ্রামের লোহাগাড়ায় পিকনিকের বাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন।
শুক্রবার ভোররাতে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মো. সাখাওয়াৎ হোসেন (৩৩) ও অভিজিৎ (৩৪)।
দোহাজারি হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বাসের যাত্রীরা চট্টগ্রাম থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান এবং কয়েকজন আহত হন।“
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা এরফান।
