২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ কেজি ইয়াবার মামলায় দুইজনের যাবজ্জীবন

চট্টগ্রামে দুই বছর আগে ১০ কেজি ১০০ গ্রাম ইয়াবা ট্যাবলেটসহ দুইজন ধরা পড়েছিল র‌্যাবের হাতে।

১০ কেজি ইয়াবার মামলায় দুইজনের যাবজ্জীবন

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 04:51 PM

Updated : 13 Sep 2022, 04:51 PM

বছর দুয়েক আগে চট্টগ্রামের শাহ আমানত সেতুর কাছে ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূইয়া মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জমির উদ্দিন ও মোহাম্মদ আলম ড্রাইভার। দুইজনই বর্তমানে কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি আবু জাফর জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন দণ্ডের সাথে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন আহাদ কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ট্রাক তল্লাশি করে র‌্যাব সদস্যরা।

এ সময় ৬১টি প্লাস্টিকের প্যাকেট থেকে ১০ কেজি ১০০ গ্রাম ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়।

এ ঘটনায় বাকলিয়া থানার মাদক আইনের মামলায় ২০২০ সালের ১ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত বছরের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেওয়া হয় বলে জানান আইনজীবী আবু জাফর।