২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে লোহার পাত, পাংচার হচ্ছিল গাড়ির চাকা

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে খুঁজছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 10:14 PM

Updated : 06 Jan 2024, 10:27 PM

চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরাই এলাকায় মহাসড়কে যান চলাচলে ‘প্রতিবন্ধকতা’ তৈরি করতে ত্রিকোণ আকারের লোহার পাত ছড়িয়ে ছিটিয়ে রাখার ঘটনা ঘটেছে।

এসব পাত ছড়িয়ে রাখায় শুক্রবার রাতে বেশ কিছু যানবাহনের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর আরেকজনকে খুঁজছে।

পুলিশের ধারণা, হরতালের আগের রাতে এ ধরনের লোহার পাত ফেলে রেখে যানবাহন বিকল করতে এবং চালকদের মাঝে ভীতি তৈরি করতে ছড়িয়ে রাখা হয়।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়কের যেসব স্থানে অন্ধকার-সেসব স্থানে ত্রিকোণ আকৃতির লোহার পাতগুলো ফেলে রাখা হয়েছিল; যাতে চাকার টায়ার কেটে গাড়ি বিকল হয়ে যায়।

“রাতে বেশ কিছু গাড়ি বিকলের খবর পেয়ে আমরা সড়কজুড়ে তল্লাশি চালিয়ে লোহার পাতগুলো সরিয়েছি।”

পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটাতে এ কাজ করা হয়েছে। মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকার একটি ওয়ার্কশপে পাতগুলো তৈরি করা হয়েছিল।”

পুলিশ ওয়ার্কশপের একজনকে গ্রেপ্তার করেছে। তাকে যে ব্যক্তি পাত বানানোর অর্ডার দিয়েছিল তার নাম জেনেছে পুলিশ। এখন সেই ব্যক্তিকে খোঁজা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।