চট্টগ্রামে ‘সীমিত’ ট্রেন চলাচল বুধবার থেকে
তবে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে কোনো আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি।
তের দিন বন্ধ থাকার পর চট্টগ্রামে সীমিত পরিসরে কন্টেইনারবাহী ও লোকাল ট্রেন চলাচল শুরু হচ্ছে বুধবার থেকে।
তবে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে কোনো আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি।
বুধবার দিনের বেলা চট্টগ্রাম থেকে শুধু কন্টেইনারবাহী একটি ট্রেন ছাড়বে বলে তথ্য দিয়েছেন পূর্বাঞ্চলীয় রেলওয়ের ডিআরএম সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে নাজিরহাট রুটে একটি লোকাল ট্রেন চলবে। এভাবে তিন দিন চলাচল করার পর পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।
কারফিউ শিথিল থাকাকালীন যেসব ট্রেন গিয়ে আবার ফিরে আসতে পারবে, সেসব ট্রেনই চালানো হবে, বলেন এই রেল কর্মকর্তা।
কারফিউ চলাকালীন যাত্রীবাহী ট্রেন চলাচল না করলেও চট্টগ্রাম থেকে তেলবাহী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্যে চলাচল করেছে।
কোটাবিরোধী আন্দোলনের মধ্যে সহিংসতার জেরে সারা দেশের মত গত ১৮ জুলাই থেকে চট্টগ্রামের সঙ্গে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ওই সময় আন্দোলনকারীরা চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ, চট্টগ্রাম নগরের দেওয়ানহাট ব্রিজের নিচে রেলপথ আটকে অবস্থান নিয়েছিল।
এদিকে বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত স্বল্প দূরত্বে কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে এসব ট্রেন চলাচল করবে। দিনের বেলা যখন কারফিউ শিথিল থাকবে, তখন চলবে ট্রেন।”
আন্তঃনগর ট্রেন চালুর বিষয়ে কেন্দ্রীয়ভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে তথ্য দিয়েছেন তিনি।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই মঙ্গলবার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
পরের দিন ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। রেলপথের টঙ্গী-ভৈরব অংশের নরসিংদীতে রেললাইন তুলে ফেলা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ করা হয়।
নিরাপত্তাহীনতার মধ্যে ওই দিন দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন রুটের ট্রেনের সব যাত্রা বাতিল ঘোষণা করা হয়।
এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চালুর ঘোষণা দিলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল রেলওয়ে।
আরও পড়ুন...
