কোটা আন্দোলন: চট্টগ্রামের কুমিরায় রেলপথ অবরোধ
অবরোধের কারণে চারটি ট্রেন চট্টগ্রামের বিভিন্ন স্টেশনে আটকে আছে।
কোটা সংস্কারের আন্দোলনে নেমে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিরায় বেসরকারি এ বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে চট্টগ্রাম ও ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া চারটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় ট্রেন চলাচল করতে পারছে না। চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি এবং ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার অভিমুখে ছেড়ে আসা তিনটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমান রয়েছে।”
এর মধ্যে কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন কুমিরা স্টেশনে, চট্টগ্রামের পথে চলা সোনার বাংলা এক্সপ্রেস সীতাকুণ্ড স্টেশনে এবং মহানগর প্রভাতী বরতাকিয়া স্টেশনে অপেক্ষা করছে।
অপরদিকে চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছেড়ে যাওয়া মহানগর এক্সপ্রেস ট্রেন ফৌজদারহাট স্টেশনে আটকে থাকার খবর পাওয়ার গেছে।
পূর্বাঞ্চলীয় রেলের এক কর্মকর্তা জানান, দুপুরের পর ঢাকা ও অন্যান্য গন্তব্যের উদ্দেশে বিভিন্ন ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেলেও অবরোধের কারণে তা আটকে যেতে পারে।
আর কোটা সংস্কারের আন্দোলনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধের পর কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও অবস্থান নেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, শিক্ষার্থীরা কুমিরা এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও তার কয়েক ঘণ্টা আগে থেকেই ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের কারণে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সড়কের পাশাপাশির রেলপথও অবরোধ করেছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাজশাহী থেকে ঢাকায় আসা বনলতা এক্সপ্রেস এবং রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন মহাখালীতে আটকে আছে।
২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাই কোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে।
এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এক বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিন ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয়। এর প্রতিবাদে মঙ্গলবারও কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
