চট্টগ্রামে নৌকা উল্টে এক ব্যক্তি নিখোঁজ
সাঁতার না জানায় ওই ব্যক্তি তলিয়ে যান, যার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের রাউজানে হালদা নদীর শাখা খালে নৌকা উল্টে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার উরকিরচর ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তির নাম সাহেদ হোসেন বাবু (৪০)।
সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উরকিরচরে সাহেদের গরু ও মুরগীর খামার আছে। যেখানে হালদা নদীর একটি শাখা খাল পেড়িয়ে যেতে হয়। অতি বৃষ্টির কারণে সোমবার খামারে পানি উঠে যায়।
সন্ধ্যায় সাহেদ আরও তিনজনকে নিয়ে খামারের অবস্থা দেখতে যান। ফিরে আসার সময় ওই ব্যক্তির পা পিছলে নৌকা থেকে উল্টে পড়ে যাওয়ার খবর শুনেছেন তারা।
ওসি জানান, অন্যরা সাঁতরে তীরে উঠে গেলেও সাঁতার না জানায় সাহেদ পানিতে তলিয়ে যান। খবর পেয়ে তাদের হালদা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেছেন এবং স্পিড বোটে স্থানীয় লোকজন নিয়ে নদী ও শাখা খালে তল্লাশি শুরু করেছেন। নদীতে প্রচুর স্রোত থাকায় সেখানে নামা যাচ্ছে না। তবে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।
গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারিসহ বিভিন্ন উপজেলায় নদীতে পানি বেড়েছে। এতে বিভিন্ন লোকালয়ে বিপুল মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে রেল লাইনের উপরে চলে আসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে। তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে ক্লাস, পরীক্ষাসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম।
