২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘অর্থ আত্মসাৎ’: স্ত্রীসহ সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 08:37 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

চট্টগ্রামের আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘অর্থ আত্মসাতের’ অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার স্ত্রী রিজিয়া সুলতানাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

বৃহস্পতিবার দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক কমল চক্রবর্তী বাদী হয়ে সেখানে মামলাটি করেছেন। 

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি নদভী বেসরকারি আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান। তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। 

দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের টাকা উত্তোলন করে ‘আত্মসাতের’ অভিযোগে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ (৫) ধারায় মামলাটি করা হয়েছে। 

নদভী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়টির সাবেক উপার্চায অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ. অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, ইঞ্জিনিয়ার রশিদ রশিদ আহমেদ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য ও নদভীর স্ত্রী রিজিয়া সুলতানা, ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ খালেদ মাহমুদ, অধ্যাপক ড. মো. ফসিউল আলম, অধ্যাপক মো. আবদুর রহিম, মো. শামসুজ্জোহা, মোহাম্মদ বদিউল আলম, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ শফীউর রহমান, অধ্যাপক মাহী উদ্দিন, অধ্যাপক আফজল আহমেদ ও মোজাফ্ফর হোসাইন নদভী। 

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৫ সালে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় ২০ কাঠা জমি কিনে আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি র্বোড একটি ভবন নির্মাণ করে। ২০১১ সাল থেকে সেখানে বিশ্ববিদ্যালয়ের র্কাযক্রম শুরু হলেও ট্রাস্টি বোর্ডের সকল সদস্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন। তারা সেখান থেকে কোনোধরনের সম্মানী, ভাতা-বোনাস বা লভ্যাংশ নেননি। ট্রাস্টের বিধিমালায় এসব দেওয়ার নিয়মও নেই। 

এজাহারে বলা হয়েছে, আসামিরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট আইন, বিশ্ববিদ্যালয় আইনের ব্যত্যয় ঘটিয়ে ‘বিধিবর্হিভূতভাবে পরস্পর যোগসাজশে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৫৫৬ টাকা আত্মসাৎ করেন’।