২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্রঋণের সার্ভিস চার্জ কমানোর বিষয় পর্যালোচনা করছে এমআরএ

'মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র নাম পরিবর্তন করে 'মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি' করার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ক্ষুদ্রঋণের সার্ভিস চার্জ কমানোর বিষয় পর্যালোচনা করছে এমআরএ

চট্টগ্রামে ‘সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে সভা’র আয়োজন করে এমআরএ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 12:43 PM

Updated : 26 Jan 2024, 12:43 PM

ঋণ গ্রহীতাদের সুবিধায় ক্ষুদ্রঋণের সার্ভিস চার্জ কমানো বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথিরিটি-এমআরএ কর্তৃপক্ষ।

চট্টগ্রামের হালিশহরে মাইক্রোফাইন্যান্সিং এবং এনজিও সংস্থা মমতার অডিটোরিয়ামে বৃহস্পতিবার এক আলোচনা সভায় এ কথা বলেছেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্।

শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে ‘সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে সভা’র আয়োজন করে এমআরএ।

সেখানে ফসিউল্লাহ্ আরও বলেছেন, 'মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র নাম পরিবর্তন করে 'মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটি' করার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “শুরুতে ক্ষুদ্রঋণের সার্ভিস চার্জের হার ছিল ৩৫ থেকে ৪০ শতাংশ। দাদন ব্যবসায়ীদের মত যা ছিল অসহনীয়। পরে ২০১২ তে এটিকে ২৭ শতাংশে এবং ২০১৯ সালে এটিকে আরেকটু যৌক্তিক করার দরকার হলো। সার্বিক দিক বিবেচনায় আমরা এটিকে আরো কমাতে চেষ্টা করছি।”

তিনি বলেন, “আমাদের অধীনে সারা দেশে ৭৫০টি এমএফআই (মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন) রয়েছে যারা বছরে তিন লাখ কোটি টাকা লেনদেন করে। ৭০ হাজার থেকে ৮০ হাজার কোটি টাকা তাদের সঞ্চয়। আর এর মধ্যে ৯১ শতাংশই হলো নারী।

“এটি সত্য সরকারের অংশ হলেও আমরা প্রচারণায় পিছিয়ে আছি, তার মানে এই নয় যে আমরা কাজ করছি না। আমাদের বেশকিছু ডেটাবেজের কাজ হয়েছে। খরচ কমানোর জন্য আমরা ডিজিটাইজেশনের কাজ করছি। আমরা ক্ষুদ্রঋণ সংস্থাগুলোকে একটি সমন্বিত প্লাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করছি এবং শিগগিরই তাদের আনা হবে।”

মো. ফসিউল্লাহ্ বলেন, “আজকে যাদের এখানে এই আলোচনা হচ্ছে সেই মমতার ফান্ডে এখন জমা আছে ৫৭০ কোটি টাকা। তারা তাদের নিজেদের সাফলতার প্রমাণ দিয়ে এই অবধি এসেছে। এটি ব্যক্তির লাভের প্রতিষ্ঠান নয়। এই টাকার মালিক সাধারণ জনগণ, তারাই এর উপকার ভোগী।”

মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এমআরএ এর নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক মো. নূরে আলম মেহেদী, উপ-পরিচালক জিনাত আমান বন্যা, মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার প্রমুখ।