২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পালানোর সময় মনা হত্যার ৪ আসামি ধরা

হত্যাকাণ্ডের পর দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ভারতে পালানোর সময় মনা হত্যার ৪ আসামি ধরা
সাহেদ হোসেন মনা

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 01:00 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

চট্টগ্রামের সাহেদ হোসেন মনা হত্যার ৪ আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, গ্রেপ্তার এড়াতে তারা ভারতে পালানোর চেষ্টা করেছিল।

বৃহস্পতিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৈঠপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- প্রধান আসামি জুয়েল (৩৪), সহযোগী বশির (২৬), সাগর (২৮) ও জুয়েল ওরফে ছোট জুয়েল (২৫)।

নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোস্তাফিজুর রহমান শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেন, “হত্যাকারীরা ও মনা আগে এক পক্ষে থাকলে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে আলাদা দুইটি পক্ষ তৈরি হয়। এ বিরোধের জেরেই মূলত মনার ওপর হামলার ঘটনা ঘটে। 

"হামলাকারীরা হত্যাকাণ্ডের পরপরই চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যায়। হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে পালানোর চেষ্টা করেছিল।"

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গত ৭ জুলাই রাতে কোতোয়ালি থানার স্টেশন রোড পাখি গলিতে ছুরিকাঘাতে খুন হন সাহেদ হোসেন মনা; তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ অন্তত আটটি মামলা রয়েছে।

গত বছরের ৯ জুলাই কোতোয়ালীর আমতল এলাকা থেকে মোবাইল ফোন ডিলারের দুই কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের মামলার অন্যতম আসামি ছিলেন মনা। ওই মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।

পুলিশ জানায়, ভাতের হোটেলের ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে বিরোধের জেরে পূর্ব পরিচিতরা মনাকে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় মনার বাবা শাহ আলম গ্রেপ্তার জুয়েলকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ সজীব ও ফরহাদ নামে দুই জনকে গ্রেপ্তার করে।

মনার বাবার করা মামলায় বলা হয়, মনা একসময় নিউ মার্কেট এলাকার হকার হিসেবে ব্যবসা করতেন। ওই সময় আসামিদের সঙ্গে তার পরিচয় হয়।

ঘটনার বর্ণনায় এজাহারে বলা হয়, মনার পূর্ব পরিচিতি এক ছেলের কাছ থেকে ১৫/২০ দিন আগে জুয়েল ও রহিম নামে দুজন মোবাইল ছিনিয়ে নেন। পরে মনা ফোন করেন জুয়েলের কাছে মোবাইল ছিনতাইয়ের বিষয়ে জানতে চান। জুয়েল সেসময় মারমুখী আচরণ করেন।

“মনা রোববার রাতে পোষা বিড়ালের খাবার কিনতে পাখি গলিতে গিয়েছিলেন। তখন জুয়েলসহ অন্যরা মনাকে মারধর করেন। একপর্যায়ে জুয়েল, সাগর, বশির ও শাকিল তাকে ছুরিকাঘাত করেন।”

পুলিশ জানায়, ৭ জুলাই রাতে মনাকে খুনের পর দুই জুয়েল, বশির ও সাগর ঢাকা চলে যায়। সেখানে ফকিরাপুল এলাকার এক বাসিন্দার মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে চলে যাবার চেষ্টা করেছিল। ৮ জুলাই ফকিরাপুলে ওই ব্যক্তির বাসায় অবস্থান করে পরদিন বিকালে হবিগঞ্জ রওনা করে।

সেখান থেকে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন: দুজন গ্রেপ্তার