১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানকে অপহরণের পর অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয়েছে মামলায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 10:19 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম সারওয়ারের আদালতে সোমবার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহ মামলা দায়ের করেন।

এজাহারে দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয়েছে ফজলে করিমের বিরুদ্ধে।

বাদির আইনজীবী সবুজ তালুকদার বলেন, ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। ফজলে করিম ছাড়াও মামলাটিতে ২৭ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর সকালে ফজলে করিম চৌধুরীর ‘নির্দেশে’ অন্য আসামিরা বাদি সিরাজদৌল্লাহর বাড়িতে ঢুকে তাকে হত্যার চেষ্টা চালায়। এরপর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পাশাপাশি চেয়ারম্যানকে অপহরণ করে আটক রাখা হয়। হত্যার ভয় দেখিয়ে ৩ লাখ টাকা আদায় করেন আসামিরা। পর দিন অস্ত্র দিয়ে ফাঁসিয়ে রাউজান থানায় সিরাজদৌল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়।