২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ধশত জন্মবার্ষিকীতে চট্টগ্রামে মনিরুজ্জামান ইসলামাবাদীকে স্মরণ

জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সার্ধশত জন্মবার্ষিকীতে চট্টগ্রামে মনিরুজ্জামান ইসলামাবাদীকে স্মরণ
সার্ধশত জন্মবার্ষিকীতে মাওলানা মনিরুজ্জামান ইসলামবাদীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ‘বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ ও কদম মোবারক মুসলিম এতিম খানার শিক্ষার্থীরা’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

সার্ধশত জন্মবার্ষিকীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, লেখক ও শিক্ষাবিদ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে স্মরণ করা হয়েছে চট্টগ্রামে।

এ উপলক্ষে শুক্রবার বিকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার প্রতিষ্ঠিত কদম মোবারক এতিমখানা প্রাঙ্গণে আলোচনা সভা হয়।

সভার আয়োজক সংগঠন ‘বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ’ এর সভাপতি কৃষ্ণ শেখর দত্ত বলেন, “মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারত ছাড় আন্দোলনে যোগ দেন এবং আজাদ হিন্দ ফৌজের কার্যক্রমকে সক্রিয়ভাবে সমর্থন করেন। এ উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম ও ঢাকায় বিপ্লবী কেন্দ্র স্থাপন করেন। তিনি নেতাজী সুভাষ চন্দ্র বসুর সঙ্গে সাক্ষাতও করেছিলেন।

“ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় তাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সরকার তাকে দিল্লির লাল কেল্লায় বন্দি করে রাখে। তারপর সেখান থেকে পাঞ্জাবের জেলে স্থানান্তর করে। সেখানে তার ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। ব্রিটিশবিরোধী আন্দোলনের কারণে তার জীবনের দীর্ঘ সময় অন্ধকার জেলে কেটেছে।” 

সভায় সাংস্কৃতিক অঙ্গনের চন্দন কুমার চৌধুরী, রাজনীতিবীদ মিটুল দাশগুপ্ত, পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, দিপংকর চৌধুরী কাজল, প্রবীর দাশ গুপ্ত নন্তু, মো. মানিক মিঞা, মো. জাফর উদ্দিন, মো. জাকির হোসেন, বাবু কমল বড়ুয়া, মো. আবুল হোসেন, মো. ইব্রাহীম, মো. সজীব ভূইয়া, মো. রাসেল, মো. করিম, মো. হাসেম উপস্থিত ছিলেন।

মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ১৮৭৫ সালের ২২ আগস্ট চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার আড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

শুরুতে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। অসহযোগ ও খিলাফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।

তিনি ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের অন্যতম স্থপতি। বিশ শতকের ত্রিশের দশকে কংগ্রেসের রাজনীতি ছেড়ে কৃষক প্রজা পাটিতে যোগ দিয়েছিলেন। দলটির প্রার্থী হিসেবে তিনি ১৯৩৭ সালে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে তিনি আজাদ হিন্দ ফৌজের কার্যক্রমে সমর্থন দিয়েছিলেন। ‘জামিয়াত-ই-উলামা-ই-হিন্দ’ এর অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।

তার কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে ‘ভারতে মুসলিম সভ্যতা’, ‘সমাজ সংস্কার’, ‘ভূগোল শাস্ত্রে মুসলমান’, ইসলাম জগতের অভ্যুত্থান’, ‘ভারতে ইসলাম প্রচার’।

তিনি বেশ কয়েকটি পত্রিকা ও সাময়িকী সম্পাদনা এবং প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫০ সালের ২৪ অক্টোবরে প্রয়াত হন তিনি।