চট্টগ্রামে বিজয়মেলার মঞ্চে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হাতাহাতি
স্বেচ্ছাসেবক লীগের এক নেতা অবশ্য বলেছেন, সেখানে তাদের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে, সেটা তেমন কিছু নয়।
চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয়মেলার আলোচনা সভায় আগে-পরে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়ার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যার দিকে নগরীর স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম এলাকায় মুক্তিযুদ্ধের বিজয়মেলার আলোচনা মঞ্চে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মধ্যে এ হাতাহাতির ঘটনায় এক কর্মীর মাথা কেটে যায় এবং আহত হন আরও কয়েকজন।
দুইপক্ষই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
স্বেচ্ছাসেবক লীগের এক নেতা অবশ্য বলেছেন, সেখানে তাদের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে, সেটা তেমন কিছু নয়।
চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, “সন্ধ্যার দিকে বিজয়মেলার মঞ্চে আলোচনা সভার সময় দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ সময় একজনের মাথায় আঘাত লেগেছে। তবে থানায় কেউ অভিযোগ করেনি।”
বিজয় মেলার মঞ্চে মহানগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা শুরু হয় মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী গোলাম দস্তগীর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিত থাকার কথা ছিল। তবে হাতহাতির সময় তিনি উপস্থিত ছিলেন না।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিরা বক্তব্য দেওয়ার পর ছাত্রলীগের মহানগর সভাপতি ইমরান আহমেদ ইমুকে বক্তব্য দিতে ডাকলে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল মঞ্চে তর্কে জড়িয়ে পড়েন। এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু করে।’’
পরে ওই ঘটনা নিয়ে প্রশ্ন করলে আবুল হাসনাত বেলাল বলেন, “সিনিয়র-জুনিয়র নেতাদের বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রলীগের সম্পাদকের সাথে কথা কাটাকাটি হয়েছে। সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। এটাকে অনেকে বড় করে দেখছে।”
বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুচ ওই ঘটনা সম্পর্কে ‘অবগত নন’ বলে দাবি করেন। তিনি বলেন, “আমি ঢাকায় অবস্থান করছি। মুক্তিযুদ্ধের বিজয়মেলার আলোচনা অনুষ্ঠান শুক্রবার শেষ হয়েছে। ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের আলোচনার জন্য মঞ্চটি ছিল।”
