২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

এ বার জেলায় মোট ৪৪ জনের প্রাণ কাড়ল মশাবাহিত রোগটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 07:53 PM

Updated : 20 Aug 2023, 07:53 PM

চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে গত একদিনে আরও ১০৩ জন রোগী ভর্তি হয়েছে; এ সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন, জেনারেল হাসপাতালে একজন ও বেসরকারি একটি হাসপাতালে অপরজন মারা গেছেন।

নতুন রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ছয়জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৭১ জন এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দুইজন ভর্তি হয়েছে।

সবমিলিয়ে এ বছর জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬১১ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৩৬২ জন।

চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৪ জন মারা গেছে, যার ১৯ জনই অগাস্টে। আর বছরের প্রথম আটমাসেই গত বছরের মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে। গত বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১ জনের মৃত্যু হয়েছিল।