চট্টগ্রামে ঝোপের মধ্যে মিলল পিস্তল
পিস্তলটি গত ৫ অগাস্ট হালিশহর থানা থেকে লুট হয়েছিল, বলছে পুলিশ।
চট্টগ্রামের হালিশহর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার হালিশহর উত্তরা আবাসিক এলাকার একটি ঝোপ থেকে সেটি উদ্ধারের কথা বলা হয়েছে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপন খবরে হালিশহর উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন ঝোপঝাড় থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। সেটি ৫ অগাস্ট হালিশহর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর একটি বলে পুলিশ নিজস্ব অনুসন্ধানে জানতে পেরেছে।”
ছাত্র-জনতার তুমুল গণআন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা দেশে ছেড়ে পালানোর পর বিভিন্ন জেলা শহরের মত চট্টগ্রামেও পুলিশের স্থাপনায় হামলা হয়। নগরীর কোতোয়ালী, পতেঙ্গা, হালিশহর, ইপিজেড, পাহাড়তলীসহ বেশ কয়েকটি থানার অস্ত্রাগার লুট হওয়ার তথ্য জানায় পুলিশ।
এসব থানা থেকে প্রায় ১ হাজারের মত অস্ত্র লুট হয়। এর মধ্যে অনেক অস্ত্র উদ্ধার হলেও এখনও শতাধিক অস্ত্রের হদিস নেই।
আরও পড়ুন-
