রাস্তার পাশে ঝুপড়িতে মিলল অস্ত্র ও গুলি
গুলিগুলো পুলিশের বলে নিশ্চিত হওয়া গেছে; অস্ত্রটির ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে, বলছে পুলিশ।
চট্টগ্রামে ১৬ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যেটি পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র বলে ধারণা করছেন এ বাহিনীর কর্মকর্তারা।
বন্দর নগরীর মেরিন ড্রাইভের স্লুইচ গেইট সংলগ্ন রাস্তার পাশে একটি ঝুপড়ি থেকে মঙ্গলবার রাতে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন খবরে গভীর রাতে নবাব খাঁ কলোনি সংলগ্ন মেরিন ড্রাইভের স্লুইচ গেইটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সেগুলো প্লাস্টিকের ব্যাগ মোড়ানো ছিল।
৯ এমএম (তারাশ) বোরের পিস্তলটি পুলিশের লুট হওয়া অস্ত্র হতে পারে জানিয়ে তিনি বলেন, “১৬ রাউন্ড গুলি পুলিশের ব্যবহারের গুলি বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
অস্ত্রটি পুলিশের নিশ্চিত হওয়া গেলে এরপর সেটি কোন ইউনিটের তাও নিশ্চিত হওয়া যাবে বলে এডিসি তারেক জানান।
ছাত্র-জনতার তুমুল গণআন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা দেশে ছেড়ে পালানোর পর বিভিন্ন জেলা শহরের মত চট্টগ্রামেও পুলিশের স্থাপনায় হামলা হয়। নগরীর কোতোয়ালী, পতেঙ্গা, হালিশহর, ইপিজেড, পাহাড়তলীসহ বেশ কয়েকটি থানার অস্ত্রাগার লুট হওয়ার তথ্য জানায় পুলিশ।
এসব থানা থেকে প্রায় ১ হাজারের মত অস্ত্র লুট হয়। এর মধ্যে অনেক অস্ত্র উদ্ধার হলেও এখনও শতাধিক অস্ত্রের হদিস নেই।
