পুলিশের সঙ্গে সংঘর্ষ: চট্টগ্রামে ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা সড়কে
“ঢাকায় পুলিশি হামলায় জড়িতদের শাস্তি চাই,” বলেন ইনকিলাব মঞ্চের চট্টগ্রামের আহ্বায়ক।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগে শাহবাগে অবরোধ-বিক্ষোভ চলার মধ্যে চট্টগ্রামেও সড়কে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় নগরীর বিপ্লব উদ্যান সংলগ্ন দুই নম্বর গেট মোড় এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মসূচির শুরুতে উপস্থিতির সংখ্যা কিছুটা কম হলেও পরে বাড়তে থাকে। রাত পৌনে ৮টার সময়ও চলছিল কর্মসূচি।
‘ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরসহ মঞ্চের কর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদের’ কথা তুলে ধরে মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতাকর্মীরা সড়কে নামেন।
ইনকিলাব মঞ্চের চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় আমাদের কর্মসূচিতে পুলিশ বর্বর হামলা করেছে। আমরা শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। ঢাকায় পুলিশি হামলায় জড়িতদের শাস্তি চাই।
“কেন্দ্র থেকে দেওয়া কর্মসূচির অংশ হিসেবে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যতক্ষণ কেন্দ্রীয় সিদ্ধান্ত আসবে না ততক্ষণ কর্মসূচি চলবে।”
নগরীর দুই নম্বর গেট এলাকায় রাতে কর্মসূচি চলাকালে সড়কের মাঝখানে সড়কদ্বীপ ঘিরে অবস্থান নেয় মঞ্চের নেতাকর্মীরা। সড়কের উভয়মুখী অংশে গাড়ি চলাচল করছে গতি কমিয়ে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা কর্মসূচি পালন করে আসা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। একই দাবিতে শুক্রবার জুমার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েতের ডাক দিয়েছিল সংগঠনটি।
বিকাল ৪টার দিকে সেই জমায়েত থেকে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে মঞ্চের নেতাকর্মীদের, রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টালের সামনের এলাকা। উত্তেজনা ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছোড়ে। এতে সংগঠনের সদস্য সচিব সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এর মধ্যে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজ থেকে জাবেরের গুলিবিদ্ধ হওয়ার খবর দেওয়া হয়। যেটির বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর পুলিশ তা অস্বীকার করে বার্তা পাঠায়।
পুলিশের মতো একই বক্তব্য এসেছে অন্তর্বর্তী সরকারের তরফেও।
পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজনের আহত হওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও শাহবাগ মোড় অবরোধ করেন।
