২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ভূগর্ভস্থ বর্জ্য সংগ্রহাগার’ করতে চায় ফিনল্যান্ডের প্রতিষ্ঠান

আধুনিক প্রযুক্তির এই বর্জ্য সংগ্রহাগার পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাবেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা। তখন সে বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিল্ডে নিয়ে যাবেন তারা। পুরা প্রক্রিয়াটি পরিবেশ বান্ধব, যাতে কমাবে নাগরিক দুর্ভোগ এবং সাশ্রয় হবে জ্বালানি খরচও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 07:46 PM

Updated : 23 Aug 2023, 08:46 PM

বন্দর নগরী চট্টগ্রামে ভূগর্ভস্থ বর্জ্য সংগ্রহাগার (আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট কম্পেকটর) স্থাপনের প্রস্তাব দিয়েছে ফিনল্যান্ডের হাবা গ্রুপ।

নগরীতে ছড়িয়ে থাকা ময়লার ভাগাড় সরাতে এই প্রস্তাবের বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম ।

বুধবার দুপুরে নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে ফিনল্যান্ডের হাবা গ্রুপের (HABA Group) তিন সদস্যের একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে।

প্রতিনিধি দলে ছিলেন হাবা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হারি সোলোমা, মার্কেটিং ডিরেক্টর রোশদি ইব্রাহিম এবং জাহেদুল আলম রবিন।

সাক্ষাতে প্রতিনিধি দলটি জানায়, নগরীর বর্জ্য ব্যবস্থাপনার এই সমস্যা সমাধানে সিসিসি সম্মত হলে তারা ভূগর্ভস্থ বর্জ্য সংগ্রহাগার (আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট কম্পেকটর) গড়ে তুলবে। ফলে ময়লা চোখেও পড়বেনা এবং দুর্গন্ধও ছড়াবেনা।

এই আধুনিক বর্জ্য সংগ্রাহাগারে থাকবে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে ময়লাকে সংকোচনের প্রযুক্তি। ফলে একই স্থানে আগের তুলনায় দ্বিগুণ বর্জ্য সংগ্রহ করা যাবে।

আধুনিক প্রযুক্তির এই বর্জ্য সংগ্রহাগার পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাবেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা। তখন সে বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিল্ডে নিয়ে যাবেন তারা। পুরা প্রক্রিয়াটি পরিবেশ বান্ধব, যাতে কমাবে নাগরিক দুর্ভোগ এবং সাশ্রয় হবে জ্বালানি খরচও।

আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট কম্পেকটর (ইউডব্লিউসি) পদ্ধতিতে বর্জ্য ধারণকারী কন্টেইনার থাকবে মাটির নিচে। মাটির উপরের অংশে শুধু ময়লা ফেলার একটি স্বয়ংক্রিয় ঢাকনা সম্বলিত ফিলিং বিন থাকবে।

এসময় মেয়র রেজাউল করিম বলেন, “বর্তমানে নাগরিকরা অনেক সচেতন হওয়ায় চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক গোছানোভাবে হচ্ছে। তবে আমাদের এখন সাশ্রয়ী, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় যেতে হবে। আমি চাই রাস্তায় থাকা ভাগাড়ের কারণে নাগরিকদের যে ভোগান্তি তা হ্রাসে ২০২৪ সালের মধ্যে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে।”

আলোচনার প্রেক্ষিতে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য স্থান ও বাস্তবায়ন যোগ্যতা যাচাই করতে বলেন।

জানতে চাইলে সিসিসি’র প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র মহোদয় ইতিমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন আগামী ৬ মাসের মধ্যে যাতে নগরীতে উন্মুক্তভাবে কোনো বর্জ্য না থাকে। ওপেন এসটিএস থাকবে না।

“হাবা গ্রুপ যে প্রস্তাব দিয়েছে তাতে প্রাথমিকভাবে মেয়র সম্মত হয়েছেন। তিনি আমাদের দেখতে বলেছেন কোন কোন স্থানে, কিভাবে এটা করা যায়। নতুন এই আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট কম্পেকটর স্থাপনের খরচের বিষয়টাও আমাদের বিবেচনায় রাখতে হবে। সব মিলিয়ে আমরা মেয়র মহোদয়কে বাস্তবায়ন যোগ্যতা বিষয়ে জানাব।”

বুধবারের এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী প্রমুখ।

চট্টগ্রামে বর্তমানে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে এসব বর্জ্য নগরীর বিভিন্ন প্রান্তে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) এবং বিভিন্ন মোড়ে খোলা জায়গাতেও রাখা হয়। পরবর্তীতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সেসব বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং স্টেশনে নিয়ে যান।

২০২২ সালের অগাস্ট থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে বর্জ্য বিষয়ক একটি সমীক্ষা পরিচালিত হয় যেখানে উঠে আসে, চট্টগ্রামে প্রতিদিন আনুমানিক ২১০০ টন বর্জ্য উৎপাদিত হয়, যার ৬৮ শতাংশই গৃহস্থালী।