২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাবেক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ করা হয়েছে মামলায়।

চট্টগ্রামে সাবেক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 07:04 PM

Updated : 19 Oct 2023, 08:57 PM

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামের সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামি সাবেক পুলিশ পরিদর্শক মো. শাহ আলম এখন অবসরে আছেন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নহল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় থাকেন।

শাহ আলম চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকার সম্পদের মালিক হওয়ায় শাহ আলমের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ২৩ মে শাহ আলম দুদকে যে সম্পদ বিবরণী জমা দেন, তাতে ১ কোটি ৯০ লাখ ৪৮ হাজার ৭৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন। অথচ আয়কর নথিতে তার অর্জিত সম্পদের পরিমাণ ৩ কোটি ২ লাখ ২৭ হাজার ৬৫ টাকা।

পরে দুদক মো. শাহ আলমের বেতন ভাতাসহ, বিভিন্ন সঞ্চয়পত্র, কৃষিসহ অন্যান্য খাতের আয় ও ব্যয়ের তথ্য যাচাই করে। তাতে ১ কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকার সম্পদের তথ্যে গড়মিল পাওয়া যায়।

অনুসন্ধান শেষে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে বুধবার মামলাটি করা হয়।