২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রতিবন্ধী স্ত্রীর লাশ রেখে পালানো স্বামী গ্রেপ্তার

বছর পাঁচেক আগে এক মাজার থেকে সালমাকে বাড়িতে নিয়ে আসেন নুরুল হুদা, বলছে পুলিশ।

চট্টগ্রামে প্রতিবন্ধী স্ত্রীর লাশ রেখে পালানো স্বামী গ্রেপ্তার
গ্রেপ্তার নুরুল হুদা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 09:20 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

চট্টগ্রামের চন্দনাইশে বাকপ্রতিবন্ধী স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার দোহাজারি এলাকা থেকে নুরুল হুদা ওরফে পারভেজ (৩৬) নামে সেই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চন্দনাইশ থানার ওসি ইলিয়াস খান বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নুরুল হুদাকে দোহাজারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছেন নুরুলের ভাই। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।”

সোমবার সকালে চন্দনাইশ থানার দোহাজারি জামিরজুরি ঘোড়াপাড়া এলাকা থেকে সালমা বেগম (২৬) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে ‘গোপনে’ দাফন করার চেষ্টা করছিল তার শ্বশুর বাড়ির সদস্যরা।

ওসি ইলিয়াস খান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে তারা খবর পান এক নারীকে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন। সেই নারীকে গোপনে দাফনের প্রক্রিয়া চলছে। এরপর পুলিশ গিয়ে লাশ হেফাজতে নেয়।

তিনি বলেন, “লাশ উদ্ধারের সময় সালমার মুখে এবং শরীরে জহমের চিহ্ন দেখা গেছে। আমাদের ধারণা গত রাতে সালমার মৃত্যু হয়েছে।”

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেছিলেন, নুরুল হুদা বছর পাঁচেক আগে এক মাজার থেকে সালমাকে বাড়িতে নিয়ে আসে। তাকে বিয়ে করেছে জানায়। তবে কখনো সালমার স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

সালমা চার সন্তানের মা এবং গত ৪ ফেব্রুয়ারি তিনি একটি মেয়ে সন্তানের জন্ম দেন।

‘মাদকাসক্ত’ নুরুল হুদা বেশিরভাগ সময় মাজারে মাজারে ঘুরে বেড়ান। দিন মজুরের কাজও করেন। আবার বিভিন্ন সময়ে চুরি করতে গিয়ে বিভিন্ন এলাকায় ধরাও পড়েন।

আরো পড়ুন-

চট্টগ্রামে প্রতিবন্ধী নারীকে 'গোপনে' দাফনের চেষ্টা, স্বামী পলাতক