চুরির অভিযোগে সালিশে ডেকে দুই ভাইকে মারধর, ১ জনের মৃত্যু
স্থানীয়দের অভিযোগ, আবছার ও রাসেল এলাকায় টিউবয়েলের মুখ, পানির মটর চুরি করেন।
চট্টগ্রামে চুরির অভিযোগে সালিশে দুই ভাইকে মারধরের পর একজনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডরে খন্দকার পাড়ায় শনিবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. নুরুল আবছার (৩৯)। তার ছোট ভাই মো. রাসেল (৩২) আহত হয়েছেন। তারা ওই এলাকার নবী উর রহমানের ছেলে।
ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের অভিযোগ আবছার ও রাসেল এলাকায় টিউবয়েলের মুখ, পানির মটর চুরি করেন। এ নিয়ে স্থানীয় কিছু লোক শনিবার দুই ভাইকে সালিশে ডেকে নিয়ে যায়।
“বৈঠকের এক পর্যায়ে লোকজন তাদের মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আবছারকে মৃত ঘোষণা করা হয়।”
আহত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, “৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা দুই ভাইয়ের বাড়িতে গেছি এবং হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি।”
