চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তল্লাশিতে মিলল রামদা, রড
ছাত্রলীগে দুই পক্ষের সংঘর্ষের পর এই তল্লাশি হয়।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র হলে তল্লাশি চালিয়ে রামদা, রড উদ্ধার করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় প্রক্টরিয়াল বডি ও পুলিশ।
ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হল দুটিতে বহিরাগত ও বহিষ্কৃত কিছু শিক্ষার্থী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে কিছু রামদা, লোহার পাইপ, রড ও কাচের বোতল পাওয়া গেছে।
“যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
শুক্রবার বিকালে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আলাউল হল থেকে আল আমিনের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে সাখাওয়াত হোসেনের অনুসারীদের উপর আক্রমণ করে।
এসময় প্রভোস্টের কক্ষসহ মোট আটটি কক্ষ ভাংচুর হয়।
