২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবলীগ নেতা হেলাল আকবর ও তার স্ত্রী বিরুদ্ধে মামলা

হেলাল আকবরের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে চট্টগ্রামে বেশ কিছু মামলা রয়েছে।

চট্টগ্রামে যুবলীগ নেতা হেলাল আকবর ও তার স্ত্রী বিরুদ্ধে মামলা
হেলাল আকবর চৌধুরী বাবর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে চট্টগ্রামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সংস্থার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নওশাদ আলী বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দুটি করেন।

দুদকের চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা দুটি দায়েরের তথ্য দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে।

যুবলীগ নেতা হেলাল আকবরের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে চট্টগ্রামে বেশ কিছু মামলা রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৮৮ হাজার ৩৯০ টাকার সম্পদের তথ্য গোপন এবং নিজ নামে ৮৮ লাখ ৮৭ হাজার ৩৬০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন বাবর বলে অনুসন্ধানের তথ্য মিলেছে।

এটি দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭ (ক) ধারায় অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

অপরদিকে তার স্ত্রী জেসমিন আক্তারের সম্পদ বিবরণীতে ১৫ লাখ ৫০ হাজার ৫৮০ টাকার সম্পদের তথ্য গোপন এবং নিজ নামে ১ কোটি ৮৩ লাখ ৯ হাজার ৮৮০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পায় দুদক। 

একই অপরাধে তার বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করায় দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী তার স্বামী হেলাল আকবরকেও এ মামলায় আসামি করা হযেছে।