২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসের শঙ্কায় লোকজন সরানো শুরু, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

ভারি বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে ১৯টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 08:25 PM

Updated : 05 Aug 2023, 10:13 PM

বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা লোকজনকে সরিয়ে নিতে বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন।

লোকজনকে নিরাপদ সরে যেতে নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এখন পর্যন্ত আড়াইশ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারি বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে ১৯টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে। সকাল থেকে মাইকিং করে তাদের সরে যেতে বলা হচ্ছে।

“কিছু সংখ্যক লোক আশ্রয় কেন্দ্রে গেলেও বেশির ভাগ যায়নি। আমরা সন্ধ্যার মধ্যে তাদের সরিয়ে নেব।”

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা গিয়েছে নগরীতে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক জানান, সন্ধ্যায় আকবর শাহ থানার বিজয় নগর ও ঝিল এলাকার পাহাড় পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় জেলা প্রশাসনের টিমগুলো পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ২৫০টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে সড়িয়ে নেয়।

আশ্রয় কেন্দ্রে সড়িয়ে নেওয়া লোকজনের জন্য শুকনো খাবারের পাশাপাশি প্রতিবেলার খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান উমর ফারুক।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি আরও বাড়ার শঙ্কার কথা জানিয়ে চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ রাত ১২টার থেকে অতিভারি বর্ষণ হতে পারে চট্টগ্রামে, যা আগামীকাল (রোববার) সারাদিন স্থায়ী থেকে পরশুদিনও (সোমবার) থাকতে পারে।”

সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে, যা স্বাভাবিক বিষয়।”

টানা গরমের পর বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। যা ওইদিন রাত থেকে বেশিমাত্রায় হতে থাকে।

রাতভর বৃষ্টিতে শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা দেখা যায়। সাড়ে ৭টার দিকে নগরীর অন্যতম প্রধান লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড়ের একাংশ ধসে রাস্তায় একটি মাইক্রোবাসের উপরে পড়ে। সড়কটির এক পাশ বন্ধ হয়ে যাওয়ার পর দুই ঘণ্টার চেষ্টায় মাটি সরিয়ে রাস্তা সচল করা হয়।   

শুক্রবার দুপুরের পর বৃষ্টি বন্ধ হলেও শনিবার ভোর থেকে তা পুনরায় বাড়তে থাকে।

শনিবার সকাল থেকে চট্টগ্রামে বিভিন্ন মাত্রায় বৃষ্টি হচ্ছে।